তেহরানে মোসাদের ড্রোন কারখানা ধ্বংসের দাবি ইরানের
ইরান দাবি করেছে, রাজধানী তেহরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে। সোমবার (১৬ জুন) ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এই তথ্য জানায়।
আইআরএনএ জানায়, পুলিশ মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মেহদির বরাত দিয়ে বলা হয়েছে—তেহরান ও আলবোর্জ প্রদেশে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযানে মোসাদের দুই এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০০ কেজির বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার এবং অন্যান্য কারিগরি সরঞ্জাম। এছাড়া একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে।
ইরানি কর্মকর্তারা জানান, মোসাদের এই এজেন্টরা ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছিলেন।
এই অভিযান এমন এক সময়ে চালানো হয়েছে, যখন ১৩ জুন রাতে ইসরাইল ইরানের বিভিন্ন শহরের আবাসিক এলাকায় নজিরবিহীন বিমান হামলা চালায়। তার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোর ওপর, যার মধ্যে রয়েছে তেল আবিব, জেরুজালেম ও হাইফা।
ইরানি গণমাধ্যমের মতে, ইরানের হামলার পর ইসরায়েলের বহু শহরে জনজীবন স্থবির হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।