সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বঅপারেশন ‘সিঁদুর’ নিয়ে ট্রাম্পকে অবহিত করলেন মোদি

অপারেশন ‘সিঁদুর’ নিয়ে ট্রাম্পকে অবহিত করলেন মোদি

favicon
ভোরের আলো ডেস্ক:
অপারেশন ‘সিঁদুর’ নিয়ে ট্রাম্পকে অবহিত করলেন মোদি


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বুধবার এক গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে, যা প্রায় ৩৫ মিনিট স্থায়ী ছিল। এই আলোচনা হয় ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধানের পূর্বনির্ধারিত বৈঠকের ঠিক আগে। আলোচনায় সন্ত্রাসবাদ ইস্যুতে গুরুত্বারোপ করেন দুই নেতা।


নিচে ফোনালাপের পাঁচটি প্রধান দিক তুলে ধরা হলো:


১. ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিশদ আলোচনা

মোদি পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে ট্রাম্পকে বিস্তারিত জানান। তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দেশটি দৃঢ়প্রতিজ্ঞ। আন্তর্জাতিক মহলেও এই বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


২. পাকিস্তানের হামলার জবাব গুলিতেই

ফোনালাপে মোদি বলেন, “পাকিস্তান গুলি ছুঁড়লে, ভারতও গুলি ছুঁড়বে।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি ‘প্রক্সি ওয়ার’ নয়, বরং সরাসরি সংঘাতের পর্যায়ে চলে গেছে। ‘অপারেশন সিঁদুর’ এখনো চলমান।


৩. মধ্যস্থতার কোনো আলোচনা হয়নি

মোদি স্পষ্ট করেন যে, আলোচনায় ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি কিংবা ভারত-পাকিস্তানের মধ্যকার শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের কোনো মধ্যস্থতার বিষয় উঠে আসেনি। তিনি বলেন, ভারত কখনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না।


৪. সামরিক চ্যানেলে দ্বিপক্ষীয় যোগাযোগ

মোদি জানান, পাকিস্তানের অনুরোধেই সাময়িক যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা হয়েছে, এবং সেটি সম্পূর্ণভাবে বিদ্যমান সামরিক যোগাযোগ চ্যানেলের মাধ্যমেই হয়েছে।


৫. যুক্তরাষ্ট্র সফরের অনুরোধে অপারগতা

প্রেসিডেন্ট ট্রাম্প মোদিকে অনুরোধ করেন কানাডা সফরের পর যুক্তরাষ্ট্রে কিছু সময়ের জন্য যাত্রাবিরতির বিষয়ে। তবে মোদি তার পূর্বনির্ধারিত কর্মসূচির কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেন এবং অনুরোধটি রাখতে অপারগতা জানান।


এই ফোনালাপ ভারত-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে সন্ত্রাসবিরোধী অবস্থানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।