সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বইরান-ইসরায়েল সংঘাতে আরব বিশ্ব এখনো দ্বিধাবিভক্ত

ইরান-ইসরায়েল সংঘাতে আরব বিশ্ব এখনো দ্বিধাবিভক্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান-ইসরায়েল সংঘাতে আরব বিশ্ব এখনো দ্বিধাবিভক্ত

ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাতে এখনো সরাসরি ইরানের পক্ষে শক্ত অবস্থান নেয়নি কোনো আরব দেশ। সামরিক সহায়তার প্রশ্ন তো উঠেই না, অনেক দেশ এমনকি নিরপেক্ষ অবস্থান নিয়েছে। তবে জর্ডান, কাতারসহ কয়েকটি দেশ ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে।


হামলার পর থেকেই প্রশ্ন উঠছে—আরব বিশ্ব এ সংকটে কী ভূমিকা রাখবে? প্রথমে চুপ থাকলেও ধীরে ধীরে নিজেদের অবস্থান স্পষ্ট করছে বিভিন্ন আরব রাষ্ট্র।


ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়মিতভাবে নিজেদের আকাশেই ভূপাতিত করছে জর্ডান। এমনকি দেশটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ইরানে হামলা চালাতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ার। যদিও সরাসরি এমন কোনো স্বীকারোক্তি দেয়নি জর্ডান সরকার।


মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ দ্বিতীয় ইসরায়েলি হামলার বিষয়ে বলেন,


“ইসরায়েল আক্রমণের পরিসর ইরান পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে, বলা কঠিন। এটি সারা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি।”


অন্যদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, তারা নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় লিপ্ত রয়েছে।

তিনি বলেন,


“ইরানের পারমাণবিক বা জ্বালানি স্থাপনায় যেকোনো হামলা এক ভয়াবহ বিপর্যয়ের কারণ হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এটি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া।”


সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ পরিস্থিতি নিয়ে সতর্কতা উচ্চারণ করে বলেন,


“অপরিকল্পিত বা বেপরোয়া কোনো পদক্ষেপ পুরো অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে দিতে পারে।”

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।


তবে সিরিয়া এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।


এদিকে সোমবার ২১টি আরব ও মুসলিম দেশ একটি যৌথ বিবৃতিতে ইরানে ইসরায়েলের সামরিক আক্রমণের তীব্র নিন্দা জানায়। তবে বাস্তব পর্যায়ে এসব নিন্দা কূটনৈতিক গণ্ডিতেই সীমাবদ্ধ রয়েছে বলে বিশ্লেষকদের অভিমত।