ইরান আক্রমণে ইসরায়েলকে সহায়তায় যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি
ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে ইসরায়েলকে সরাসরি সহায়তা দিলে মধ্যপ্রাচ্য ভয়াবহ অস্থিতিশীল হয়ে উঠবে—এমন হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বুধবার (১৮ জুন) রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে সতর্ক করেন।
তিনি বলেন,
“আমরা যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে সতর্ক করছি—ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয়া হলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি পুরোপুরি অস্থিতিশীল হয়ে পড়বে। এমন চিন্তাও যেন তারা না করে।”
রিয়াবকভ জানান, মস্কো বর্তমানে ইসরায়েল ও ইরান উভয় দেশের সঙ্গেই যোগাযোগ রাখছে।
এদিকে, রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা (এসভিআর)-এর প্রধান সের্গেই নারিস্কিন এক মন্তব্যে জানান, ইরান ও ইসরায়েলের মধ্যকার বর্তমান অবস্থা চরম সংকটপূর্ণ।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতেও পুনরায় সতর্ক করে বলা হয়,
“ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়া কেবলমাত্র পরিস্থিতি আরও খারাপ করে তুলবে। এমন কোনো পদক্ষেপ বা ভাবনাও যেন যুক্তরাষ্ট্র না নেয়।”
রাশিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানায়।