ইসরায়েলকে 'মধ্যপ্রাচ্যের ক্যানসার' বলল উত্তর কোরিয়া
ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের “ক্যানসার” বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির অভিযোগ, ইসরায়েলের আগ্রাসী আচরণের কারণেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না। ইরান-ইসরায়েল সংঘাত ইস্যুতে বৃহস্পতিবার (১৯ জুন) এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করে।
বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এ সময় বলা হয়,
“যেসব আগ্রাসী শক্তি মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ সৃষ্টি করেছে, তারা কখনোই বিশ্বশান্তি ধ্বংসের দায় এড়াতে পারবে না।”
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ১৩ জুন ভোরে ইরানের ওপর বেপরোয়া সামরিক হামলা চালিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় মদদপুষ্ট বাহিনী। এ হামলা অবৈধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দার কারণ বলেও দাবি করা হয়।
উত্তর কোরিয়ার ভাষ্য অনুযায়ী,“ইসরায়েলের এই হামলা জাতিসংঘ সনদ লঙ্ঘন এবং একটি সার্বভৌম দেশের ওপর সরাসরি হামলা। এটি মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ অপরাধ।”
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল ও তাদের পশ্চিমা পৃষ্ঠপোষকদের কারণে মধ্যপ্রাচ্যে চারটি বড় যুদ্ধ এবং বহু সামরিক আক্রমণ ঘটেছে, যার ফলে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও জর্ডান নদীর পশ্চিম তীরে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে।
উত্তর কোরিয়ার মতে,
“আমেরিকা ও পশ্চিমা শক্তি শুধু ইসরায়েলকে সমর্থন করেই ক্ষান্ত হচ্ছে না, বরং ইরানের আত্মরক্ষার অধিকার নিয়েও প্রশ্ন তুলছে। এটাই প্রমাণ করে যে, ইসরায়েল এবং তাদের পৃষ্ঠপোষকরা বিশ্বশান্তি ধ্বংসের জন্য দায়ী।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইসরায়েলকে যুদ্ধ-উসকানিদাতা ও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল উৎস হিসেবে অভিহিত করা হয়। পিয়ংইয়ংয়ের মতে, যারা তাদের পেছন থেকে সমর্থন দিচ্ছে, তারাও সমানভাবে দোষী।