ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইসরায়েল, বিস্ফোরণে বিরশেবা প্রকম্পিত
দফায় দফায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। শুক্রবার (২০ জুন) ইরান থেকে ছোড়া একাধিক মিসাইল দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সরাসরি আঘাত হানে। বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিরশেবা শহরের আবাসিক এলাকাগুলোতে। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা বহু গাড়িতে আগুন ধরে যায়। ক্ষয়ক্ষতির ভয়াবহতায় বন্ধ করে দেওয়া হয়েছে একটি ট্রেন স্টেশন।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্স)। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে দমকল ও নিরাপত্তা কর্মীরা।
এই মিসাইল হামলার কিছুক্ষণ আগেই ইসরায়েলও বড়সড় আক্রমণ চালায় ইরানের ওপর। আইডিএফ-এর ৬০টি যুদ্ধবিমান একযোগে হামলা চালায় তেহরানে অবস্থিত ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) সদর দপ্তরের ওপর। প্রায় ১২০টি বোমা ফেলা হয় বলে দাবি করে তেল আবিব। পাশাপাশি, ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস করার কথাও জানিয়েছে তারা।
শুধু তেহরানই নয়, হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের উত্তরাঞ্চলীয় রাশত শহর, ইসফাহান ও ক্যাস্পিয়ান সাগরের উপকূলীয় শিল্প এলাকাও। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এসব অঞ্চল।
পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে। পরিস্থিতির উপর নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।