সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বরুশ ড্রোন ও মিসাইল হামলায় কিয়েভে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি

রুশ ড্রোন ও মিসাইল হামলায় কিয়েভে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি

favicon
ভোরের আলো ডেস্ক:
রুশ ড্রোন ও মিসাইল হামলায় কিয়েভে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ বিমান ও ড্রোন হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। এদের মধ্যে রয়েছেন ৬২ বছর বয়সী এক মার্কিন নাগরিকও। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩০ জন। রাশিয়ার এই হামলায় কিয়েভের বিভিন্ন আবাসিক ও বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


গত মঙ্গলবার (১৭ জুন) ভোরে চালানো এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো। তিনি জানান, এক চিকিৎসকের বাসার বিপরীতে অবস্থিত একটি ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যেখানে অবস্থান করছিলেন নিহত মার্কিন নাগরিক।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভে এ হামলায় রাশিয়া চার শতাধিক ড্রোন এবং অন্তত ৩২টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এটি ছিল চলমান যুদ্ধে কিয়েভে রাশিয়ার অন্যতম বড় হামলা।


রুশ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার লক্ষ্য ছিল সামরিক স্থাপনা ও কারখানা। এছাড়া রুশ বাহিনী স্থল অভিযানের মাধ্যমে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের একটি গ্রাম দখলে নিয়েছে বলেও জানানো হয়েছে।


এদিকে, কিয়েভে জার্মানির ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের সম্ভাবনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ার করে বলেন, “এ ধরনের পদক্ষেপে জার্মানি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে।”


অন্যদিকে, চলতি পরিস্থিতি মাথায় রেখে আসন্ন ন্যাটো সম্মেলনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।