সিউলে হামলা মানেই যুদ্ধ: কিমের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যদি দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালান, তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা আক্রমণ চালাবে উত্তর কোরিয়ায়—এমন হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক। বৃহস্পতিবার (১৯ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, “সিউল যদি পারমাণবিক হামলার শিকার হয়, তাহলে তা যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ নিরাপত্তা চুক্তির আওতায় পড়ে এবং ওয়াশিংটন অবশ্যই জবাব দেবে।”
এই হুঁশিয়ারির পরই উত্তপ্ত হয়ে ওঠে কোরীয় উপদ্বীপ। কোনো ধরনের তোয়াক্কা না করে উত্তর কোরিয়া রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ছোড়ে অন্তত ১০টি মাল্টিলঞ্চার ক্ষেপণাস্ত্র। এগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়া।
আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বহুদিন ধরে পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছে উত্তর কোরিয়া। যদিও এবার সরাসরি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়নি কিম প্রশাসন, তবে বরাবরের মতোই দাবি করেছে—দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব অস্ত্রের প্রস্তুতি চলছে।
সিউল এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, পারমাণবিক হুমকি সহ্য করা হবে না। উত্তর কোরিয়ার এমন উসকানিমূলক পদক্ষেপ কোরীয় উপদ্বীপে যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত করছে। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।