সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বইসরায়েলে অস্ত্র সরবরাহকারী দেশকে হামলাকারী হিসেবে বিবেচনা করবে ইরান

ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী দেশকে হামলাকারী হিসেবে বিবেচনা করবে ইরান

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী দেশকে হামলাকারী হিসেবে বিবেচনা করবে ইরান

চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদানকারী যেকোনো দেশকে ইরানের বিরুদ্ধে সরাসরি আগ্রাসনের অংশীদার হিসেবে বিবেচনা করা হবে— এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ ইউনিট 'খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর' (কেসিএইচকিউ)। খবরটি নিশ্চিত করেছে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি।


শনিবার (২১ জুন) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে কেসিএইচকিউ জানায়, বিশ্বের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও ইসরায়েল ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। তারা তাদের রাডার, প্রতিরক্ষা ক্ষমতা ও অস্ত্রের মজুদে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।


বিবৃতিতে আরও বলা হয়, “ইসরায়েলকে যেকোনো সামরিক সরঞ্জাম, রাডার বা গোলাবারুদ আকাশ বা সমুদ্রপথে সরবরাহ করলে, সেই দেশকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারী মনে করা হবে। পরবর্তীতে তারা আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।”


প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েল ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালায়, যাতে ৪০০ জনের বেশি নিহত হন। নিহতদের মধ্যে শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক রয়েছেন।


এর জবাবে ইরান শুরু করে প্রতিশোধমূলক আক্রমণ। ২১ জুন পর্যন্ত ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’-এর অংশ হিসেবে ইরান ইসরায়েলের ওপর ১৮টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।


এদিকে, যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর কথা স্বীকার করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানান এবং ইসরায়েলি সরকার তাকে উচ্ছ্বাসের সঙ্গে ধন্যবাদ জানায়।


তবে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে দেশটির রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সিদ্ধান্তটিকে সমর্থন করলেও, অনেকে শান্তির ডাক দিয়ে ‘নো মোর ওয়ার’ স্লোগান তুলেছেন।


বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং ইরানের স্পষ্ট হুমকি— এই পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে। এখন দেখার বিষয়, ইরান তাদের হুঁশিয়ারি কতটা বাস্তবায়ন করে এবং এর জবাবে বিশ্ব শক্তিগুলোর অবস্থান কী হয়।