ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে সংঘর্ষ এড়াতে বিশ্বকে আহ্বান সৌদি আরবের
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। রোববার (২২ জুন) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “ইসলামি প্রজাতন্ত্র ইরানে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, বিশেষ করে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের পরিচালিত হামলার বিষয়ে গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সৌদি আরব।”
এতে আরও বলা হয়, সব পক্ষকে সংযম বজায় রাখতে হবে এবং উত্তেজনা হ্রাস করে ভবিষ্যৎ সংঘর্ষ এড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে, যেন সবাই একত্র হয়ে এই সংকটের একটি শান্তিপূর্ণ ও রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসে।
প্রসঙ্গত, প্রায় দুই সপ্তাহ সময় নেওয়ার পর যুক্তরাষ্ট্র সরাসরি ইরান-ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে। দেশটি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে।
এই অভিযানে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে বি-টু বোমারু বিমান, যেগুলো থেকে ছোড়া হয় এক ডজন ‘বাঙ্কার বাস্টার’ বোমা— প্রতিটির ওজন প্রায় ৩০ হাজার পাউন্ড। পাশাপাশি সাবমেরিন থেকে ছোড়া হয়েছে ৩০টি ক্রুজ মিসাইল, যার লক্ষ্য ছিল ফোরদো, ইসফাহান ও নাতানজ পারমাণবিক কেন্দ্র।