মার্কিন হামলার পর রাশিয়ায় কূটনৈতিক সমন্বয়, পুতিনের সঙ্গে বৈঠকে ইরানি মন্ত্রী
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করতে আজ রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (২২ জুন) এ তথ্য নিশ্চিত করেছে।
যদিও আজই তিনি মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন, মূল বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (২৩ জুন)।
তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, “রাশিয়া আমাদের পরম বন্ধু এবং কৌশলগত অংশীদার। আমরা সবসময় পরস্পরের সমস্যা ও অভ্যন্তরীণ-বহিরাগত ইস্যুতে আলোচনা করে সিদ্ধান্তে আসি। জেসিপিওএ-র স্বাক্ষরকারী দেশ হিসেবেও রাশিয়ার গুরুত্ব অনেক।”
তিনি আরও জানান, পুতিনের সঙ্গে আলোচনার পর ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ধারণ করে রাশিয়া-ইরান যৌথভাবে পরবর্তী পদক্ষেপ নেবে।
এদিকে, ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, “এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (NPT) গুরুতর লঙ্ঘন।”
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “এই আগ্রাসনের চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে।”
পররাষ্ট্র মন্ত্রীর হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই ইরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরসহ কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।