ইরানের ছয়টি বিমানবন্দরে ইসরায়েলের বিমান হামলা
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইসরায়েলের হিব্রু ভাষার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দূরনিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করে ইরানের ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু হওয়া বিমানবন্দরের মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে তেহরানের মেহরাবাদ, মাশহাদ বিমানবন্দর এবং ডেজফুল বিমানঘাঁটি।
ইসরায়েল আরও জানায়, হামলায় বিমানবন্দরের রানওয়ে, আন্ডারগ্রাউন্ড বাংকার, একটি জ্বালানিভর্তি রিফুয়েলিং প্লেন এবং ইরানি বাহিনীর এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাহিনীর দাবি, এই অভিযানের মাধ্যমে ইরানি বিমানঘাঁটিগুলো থেকে যুদ্ধবিমান উড্ডয়ন ও তাদের বিমান শক্তির কার্যকারিতা গুরুতরভাবে ব্যাহত হয়েছে।
তবে হামলার বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।