সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বইরান হুঁশিয়ারি দিল: জবাব কবে ও কীভাবে হবে, সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী

ইরান হুঁশিয়ারি দিল: জবাব কবে ও কীভাবে হবে, সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী

favicon
ভোরের আলো ডেস্ক:

যুক্তরাষ্ট্র একটি মিথ্যা ও অযৌক্তিক অজুহাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। রোববার (২২ জুন) জাতিসংঘ সদর দফতরে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এ বক্তব্য দেন তিনি।


ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্রের স্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রাখে ইরান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপেই যুক্তরাষ্ট্র এই ‘অযথা ও ব্যয়বহুল’ যুদ্ধে জড়িয়েছে।


ইরানের পক্ষ থেকে কীভাবে, কখন এবং কতটা জবাব দেওয়া হবে—তা নির্ধারণ করবে সশস্ত্র বাহিনী বলে জানান তিনি।


তিনি আরও বলেন, ইসরায়েল একটি ভুয়া গল্প তৈরি করেছে যে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বারপ্রান্তে। তিনি অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমা দেশ—বিশেষ করে ফ্রান্স ও যুক্তরাজ্য—নীরবতা ও দ্বিচারিতা দেখিয়ে এই আগ্রাসনের সহযোগী হয়ে উঠেছে।


ইরাভানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান, যেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহির আওতায় আনে।


এদিকে, এই বৈঠকে চীন ও রাশিয়ার প্রতিনিধিরাও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছেন। রাশিয়া এটিকে দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বলে উল্লেখ করে, চীন এটিকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে আখ্যা দেয়।


অন্যদিকে, ইরানের বর্তমান সরকার নিয়ে আবারও মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে তিনি বলেন, “যদি ইরান আবার মহান হতে না পারে, তাহলে কেন সেই শাসনব্যবস্থা বদলানো হবে না?”


তিনি পোস্টের শেষে লেখেন, "MIGA" (Make Iran Great Again)—যা তার বিখ্যাত "MAGA" স্লোগানের অনুকরণে ব্যবহৃত হয়েছে।