ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মস্কোর নতুন হুমকি
রাশিয়া ইউক্রেনের সামরিক বিমানঘাঁটি এবং জ্বালানি অবকাঠামোর ওপর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার (২১ জুন) রাতভর চালানো এ হামলায় ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তারা জানায়, বিমান, স্থল ও নৌ-ভিত্তিক উচ্চ-প্রযুক্তির নির্ভুল অস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে সামরিক ঘাঁটি ও দনবাস অঞ্চলে একটি জ্বালানি সরবরাহ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়।
ইউক্রেনীয় সেনাবাহিনীর মতে, একরাতে প্রায় ২৮০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া, যার মধ্যে ২৬০টি তারা ভূপাতিত করেছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, যানবাহন ও বিদ্যুৎকেন্দ্র।
এ হামলার প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বলেন, “রুশ সেনারা যেখানে পা রাখে, সেটাই রাশিয়ার অংশ।” তিনি আরও দাবি করেন, রুশ ও ইউক্রেনীয়রা একই জাতি এবং গোটা ইউক্রেনে রাশিয়ার অধিকার রয়েছে।
পুতিন সরাসরি পরিকল্পনার কথা অস্বীকার করলেও সুমি শহর দখলের সম্ভাবনা উড়িয়ে দেননি।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া নিহত রুশ সেনাদের মরদেহকে ইউক্রেনীয় হিসেবে প্রচার করছে। তিনি জানান, সম্প্রতি উদ্ধার হওয়া মরদেহগুলোর কিছুতে রুশ পাসপোর্ট পাওয়া গেছে, যা পুতিন প্রশাসনের প্রকৃত নিহতের সংখ্যা গোপনের প্রমাণ।