ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা ‘মিথ্যা’ বলল ইরানের ফার্স নিউজ
ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই ঘোষণাকে “সম্পূর্ণ মিথ্যা” বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (IRGC)-সম্পর্কিত সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসার কিছুক্ষণের মধ্যেই ইরান থেকে ইসরায়েলের বীরশেবা শহরের দিকে ৬ ধাপে মোট ১০ থেকে ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এরপর বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “যুদ্ধবিরতি শুরু হয়েছে, অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না।”
ইসরায়েলের চ্যানেল ১৪ জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় বীরশেবায় ৪ জন নিহত হয়েছেন। এছাড়া একটি ভবনে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধারের কাজ চলছে।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দমকল ও উদ্ধারকর্মীদের মুখপাত্র লিনয় রেশেফ জানান, যুদ্ধবিরতির ঘোষণার কিছু আগে একটি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে এবং এখনো সেখানে কয়েকজন আটকে রয়েছেন। উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে।
সূত্র: সিএনএন নিউজ।