যুদ্ধবিরতি নিয়ে ইঙ্গিত দিল ইরান, চুক্তি এখনো হয়নি
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া একটি পোস্টে এই ইঙ্গিত দেন।
পোস্টে তিনি লেখেন, “ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী শাস্তিমূলক সামরিক অভিযান চালিয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত, যা ভোররাত ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।”
তিনি আরও বলেন, “আমি সব ইরানির মতোই আমাদের বীর সশস্ত্র বাহিনীকে কৃতজ্ঞতা জানাই—তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত ছিল এবং শত্রুর প্রতিটি হামলার জবাব দিয়েছে।”
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে জানান, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
তবে ইরানের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হয়, এখনো কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের চুক্তি হয়নি। তারা স্পষ্ট করে জানায়, ইসরায়েল যদি ভোর ৪টার মধ্যে আগ্রাসন বন্ধ না করে, তাহলে ইরানের সামরিক প্রতিক্রিয়া অব্যাহত থাকবে।