ট্রাম্পের ঘোষণা: ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি এখন কার্যকর
টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা দেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, কাতারের আল–উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প কাতারের আমিরের কাছে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যস্থতার অনুরোধ জানান। পরে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-থানি ইরানের সম্মতি আদায় করেন এবং সেই তথ্য ট্রাম্প বিশ্ববাসীকে জানান।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইসরায়েল এই শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যে, ইরান আর কোনো নতুন হামলা চালাবে না। তেহরানও সেই শর্তে সম্মতি দিয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে যোগাযোগে অংশ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। তারা কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে চূড়ান্ত করেন যুদ্ধবিরতির কাঠামো।
ট্রাম্প তার পোস্টে বলেন, “যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর। দয়া করে এটি কেউ লঙ্ঘন করবেন না।” তিনি জানান, যুদ্ধবিরতির প্রক্রিয়া ধাপে ধাপে শুরু হবে—সকালে ইরান একতরফাভাবে সামরিক কার্যক্রম বন্ধ করবে এবং ১২ ঘণ্টা পর ইসরায়েলও একই পদক্ষেপ নেবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ইরানবিরোধী ‘অপারেশন রাইজিং লায়ন’ সফলভাবে তাদের সব লক্ষ্য অর্জন করেছে। তিনি জানান, ইসরায়েল পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি দুটোই মোকাবিলা করতে পেরেছে।
এদিকে ইরান এখনো যুদ্ধবিরতি নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি