ইসরায়েলের হয়ে কাজের অভিযোগে ইরানে ৭০০ জন গ্রেফতার
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী গত ১২ দিনে ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে প্রায় ৭০০ জনকে গ্রেফতার করেছে। স্থানীয় সময় বুধবার (২৫ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে গ্রেফতারকৃতদের ‘ইসরায়েলের ভাড়াটে সেনা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
ফার্সের মতে, এই ব্যক্তিরা মূলত ‘গুপ্তচর নেটওয়ার্কে’ যুক্ত ছিল। সাধারণ মানুষের দেয়া তথ্য ও গোয়েন্দা সংস্থার তৎপরতার মাধ্যমে তাদের শনাক্ত করা হয়। গ্রেফতার অভিযান চালানো হয়েছে কেরমানশাহ, ইসফাহান, খুজেস্তান, ফার্স ও লোরেস্তানসহ বিভিন্ন প্রদেশে। তবে রাজধানী তেহরানে কতজন আটক হয়েছেন, সে তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইতিমধ্যে স্বীকার করেছে যে তারা ইরানের অভ্যন্তরে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের একটি গুপ্তচর মিশন পরিচালনা করছে। গত ১৩ জুন ইরানের অভ্যন্তরে সম্ভাব্য ড্রোন হামলার প্রস্তুতির ভিডিও প্রকাশ করেছে তারা।
এসব ঘটনার জেরে ইরানে সরকার ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র সতর্কতা ও সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে। সরকার অনলাইনে ইসরায়েলের পক্ষে লেখা বা শেয়ার করা পোস্টের ভিত্তিতে অনেককেই গ্রেফতার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ‘সমাজের মানুষের মানসিক নিরাপত্তা বিঘ্নিত করার’ অভিযোগ আনা হয়েছে।
গুপ্তচরবিরোধী পদক্ষেপ আরও জোরদার করতে তেহরানের প্রসিকিউটর অফিসে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে, যারা মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করছে।
এছাড়া, ইরানের অন্যান্য সরকারি মিডিয়া দাবি করেছে, যুদ্ধ শুরুর পর কয়েকজন ‘ইসরায়েলি গুপ্তচরকে’ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এসব ঘটনার স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।