সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বনেতানিয়াহুর পাশে ট্রাম্প, বিচারের বদলে চাইলেন ক্ষমা

নেতানিয়াহুর পাশে ট্রাম্প, বিচারের বদলে চাইলেন ক্ষমা

favicon
ভোরের আলো ডেস্ক:
নেতানিয়াহুর পাশে ট্রাম্প, বিচারের বদলে চাইলেন ক্ষমা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার বাতিল অথবা তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিচারকে ‘উইচ-হান্ট’ আখ্যা দিয়ে নেতানিয়াহুর প্রতি প্রকাশ্য সমর্থন জানান তিনি।


২০১৯ সালে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলের আদালতে অভিযোগ গঠন করা হয়। এরপর ২০২০ সালে শুরু হয় তিনটি ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়া। তবে শুরু থেকেই নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।


সম্প্রতি ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর, ২৫ জুন (বুধবার) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে ট্রাম্প নেতানিয়াহুর প্রশংসা করে বলেন, “নেতানিয়াহুকে অবিলম্বে বিচারের হাত থেকে রেহাই দেওয়া উচিত বা তাকে ক্ষমা করা উচিত। তিনি ইসরাইলের জন্য অনেক কিছু করেছেন।”


ট্রাম্প আরও লেখেন, “এই মানুষটিকে এভাবে হয়রানি করা অকল্পনীয়। আমেরিকা যেমন ইসরাইলকে রক্ষা করেছে, তেমন নেতানিয়াহুকেও রক্ষা করবে।” তিনি জানান, আগামী সোমবার নেতানিয়াহুর আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে।


বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প তার ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে রক্ষা করার চেষ্টা করছেন, বিশেষ করে এমন সময় যখন নেতানিয়াহুর সরকার গাজা যুদ্ধ, ইরান ইস্যু এবং দেশি-বিদেশি চাপের মুখে রয়েছে।


ইসরাইলি সংবাদমাধ্যম জানায়, গত ৩ জুন তেল আবিবের একটি আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে একটি মামলার শুনানি শুরু হয়েছে, যা শেষ হতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।


ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আইনত নেতানিয়াহুকে ক্ষমা করার ক্ষমতা রাখলেও তিনি জানিয়েছেন, এ ধরনের কোনো অনুরোধ এখনও তার কাছে আসেনি এবং বর্তমানে বিষয়টি তার বিবেচনায় নেই।