ইরানে আবার বোমা হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইকে তীব্র ভাষায় সমালোচনা করেন। তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা বাতিল ঘোষণা করে বলেন, তেহরান যদি উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যায়, তাহলে তিনি ইরানে আবারও বোমা হামলার বিষয়টি বিবেচনা করবেন।
ইসরায়েলের সাথে চলা ১২ দিনের সংঘাতের পর প্রথমবারের মতো খামেনেই যখন মন্তব্য করেন, তখন ট্রাম্প তার জবাবে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ওই সংঘাত শেষ হয় গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালানোর মধ্য দিয়ে।
শুক্রবার (২৭ জুন) ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একাধিক পোস্টে খামেনেইয়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা থেকে তিনি খামেনেইকে ‘একটি ভয়াবহ ও লজ্জাজনক মৃত্যু’ থেকে বাঁচিয়েছিলেন।