নেতানিয়াহুর মামলার কারণে ইরান ও হামাস আলোচনায় বাধা: দাবি ট্রাম্পের
দুর্নীতির মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে বলেন, “ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে যা ঘটছে তা অত্যন্ত ভয়াবহ। তিনি একজন সত্যিকারের যুদ্ধনায়ক।”
ট্রাম্প অভিযোগ করেন, নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তা ইসরায়েলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, “একজন প্রধানমন্ত্রীকে কীভাবে সারাদিন আদালতের বেঞ্চে বসিয়ে রাখা হয়? এটা অমানবিক।”
তিনি আরও দাবি করেন, এই আইনি ঝামেলা ইরান ও হামাসের সঙ্গে চলমান আলোচনাকে বাধাগ্রস্ত করছে। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন যে, ইরানের পরমাণু হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নেতানিয়াহুর যৌথ কাজ ছিল উল্লেখযোগ্য।
ট্রাম্প পূর্বেও এই মামলার বাতিল চেয়ে নেতানিয়াহুকে নিঃশর্তভাবে ক্ষমা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।