নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ, গাজা যুদ্ধের অবসান চায় ইসরায়েলিরা
তিন সপ্তাহ বিরতির পর আবারও উত্তাল হয়ে উঠেছে তেল আবিবের রাজপথ। শনিবার (২৮ জুন) রাতে হাজার হাজার ইসরায়েলি রাজধানীর ‘হোস্টেজ স্কোয়ার’ ও ‘বেগিন রোডে’ জমায়েত হয়ে গাজা যুদ্ধ বন্ধ ও বন্দি মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ নীতির কড়া সমালোচনা করে দ্রুত যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় আটক বাকি ৫০ জন বন্দিকে ফিরিয়ে আনার দাবি জানান।
একই দিন, গাজা থেকে মুক্ত হওয়া ইসরায়েলি সেনা লিরি আলবাগ প্রায় দুই হাজার জনতার সামনে আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, “ইরান ইস্যুতে যেভাবে সাহসী সিদ্ধান্ত নেয়া হয়েছে, গাজার যুদ্ধ শেষ করার ক্ষেত্রেও সে রকম সাহসিকতা দরকার।”
আলবাগ বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে জানান, তাকে ফিলিস্তিনি পোশাক পরিয়ে গাজার রাস্তায় হাঁটানো হয়, এরপর ৫ নারী ও কন্যাসহ একটি নিচু খাঁচায় আটকে রাখা হয়, যেখানে সোজা হয়ে দাঁড়ানোও সম্ভব ছিল না। খাবার হিসেবে দিনে এক চতুর্থাংশ রুটি, একটি খেজুর ও অর্ধেক বাটি ভাত দেয়া হতো।
তিনি সরাসরি নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা ইরান নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এবার আমাদের ভাই-বোনদের ফিরিয়ে আনার সাহসিকতা দেখান। এটা শুধু রাজনৈতিক নয়, আমাদের জাতীয় নৈতিক দায়িত্ব।”
এদিকে, ট্রাম্পও শুক্রবার (২৭ জুন) মন্তব্য করেন যে, “আগামী সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে।” তবে নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।