ইরানের পারমাণবিক অগ্রযাত্রায় বড় ধাক্কা, দাবি পেন্টাগনের
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর—পেন্টাগন। বুধবার (২ জুলাই) এক নিয়মিত ব্রিফিংয়ে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল এই তথ্য জানান।
বৃহস্পতিবার (৩ জুলাই) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
পারনেল জানান, ইরানের ফর্দো, নাতাঞ্জ এবং ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা তাদের পারমাণবিক কর্মসূচিকে অন্তত দুই বছর পিছিয়ে দিয়েছে। তার ভাষায়, “এটি স্পষ্ট যে মার্কিন সামরিক অভিযান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে।” তবে এ দাবির পক্ষে তিনি কোনো দৃশ্যমান প্রমাণ উপস্থাপন করেননি।
তিনি আরও বলেন, হামলার পরবর্তী প্রভাব ও অগ্রগতি সম্পর্কে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এর আগে, ২২ জুন মার্কিন সামরিক বাহিনীর বি-২ বোমারু বিমান থেকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় এক ডজনেরও বেশি ৩০ হাজার পাউন্ড ওজনের বাঙ্কার-বাস্টার বোমা এবং দুই ডজনেরও বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।