মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়নি: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়নি: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়নি: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। বৃহস্পতিবার (৩ জুলাই) স্থানীয় সময় পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী আলাপের পর এই মন্তব্য করেন তিনি। খবর: রয়টার্স।


আইওয়া অঙ্গরাজ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে ওয়াশিংটনের বাইরে একটি বিমান ঘাঁটিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “তার (পুতিন) সঙ্গে আমার ফোনালাপে কোনো অগ্রগতি হয়নি।”


এদিকে, রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ জানান, ফোনালাপে পুতিন পুনর্ব্যক্ত করেছেন যে, যুদ্ধ বন্ধের জন্য মস্কো সংঘাতের "মূল কারণগুলো" সমাধানে চাপ অব্যাহত রাখবে। তবে আলোচনায় কিয়েভে মার্কিন অস্ত্র সরবরাহের সাম্প্রতিক স্থগিতাদেশ নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানানো হয়।


এ বিষয়ে ট্রাম্প বলেন, “আমরা অস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধ করিনি।” তিনি পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের অতিরিক্ত অস্ত্র সরবরাহের নীতিকে দায়ী করে বলেন, “এর ফলে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।”


দীর্ঘদিন ধরে কূটনৈতিকভাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের প্রচেষ্টা স্থবির হয়ে আছে। যদিও রিপাবলিকান পার্টির কিছু নেতাসহ অনেকেই ট্রাম্পকে পুতিনের ওপর আলোচনার চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন।


ফোনালাপের কয়েক ঘণ্টা পরই ইউক্রেনের কিয়েভের উপকণ্ঠে রুশ ড্রোন হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা। এ ছাড়া, রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও পাঁচজন নিহত হয়েছেন।