“গাজার মানুষের নিরাপত্তাই আমার কাছে গুরুত্বপূর্ণ” — ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক—এই বিষয়টাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তিনি আরও মন্তব্য করেন, “গাজার বাসিন্দারা যেন নরকের ভেতর দিয়ে গেছেন।”
শুক্রবার (৪ জুলাই) তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি কি এখনও চান যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিক? এর জবাবে ট্রাম্প বলেন, তার মূল চিন্তা গাজার মানুষের নিরাপত্তা।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রথমবার গাজা নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব দেন, যা বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেয়। এরপর চলতি সপ্তাহের শুরুতেও তিনি আশা প্রকাশ করেন, "আগামী সপ্তাহের মধ্যে গাজায় একটি যুদ্ধবিরতি হতে পারে" এবং জানান, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ওয়াশিংটনে সাক্ষাৎ করবেন। আলোচনায় গাজা ও ইরান—এই দুই ইস্যু প্রাধান্য পাবে বলে জানা গেছে।
এদিকে, বৃহস্পতিবার গাজা উপত্যকায় ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যাতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণের আশায় জড়ো হওয়া মানুষদের দিকেও গুলি ছোঁড়ে ইসরায়েলি সেনারা, দাবি করছে স্থানীয় সূত্র।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানে ৫৭ হাজার ১০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান বারবার উপেক্ষা করে ইসরায়েল এই আগ্রাসন চালিয়ে যাচ্ছে।