যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যা: বহু শিশু নিখোঁজ, মৃত ১৩
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ২৩ জন, যাদের বেশিরভাগই শিশু। রয়টার্সের বরাতে জানা গেছে, শুক্রবার (৪ জুলাই) প্রবল বজ্রঝড় ও ভারী বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর তীরবর্তী এলাকায় এই বন্যা দেখা দেয়।
নিখোঁজ শিশুরা গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে অংশ নিতে গিয়েছিল। আকস্মিকভাবে পানি বৃদ্ধি পেয়ে তারা আটকে পড়ে। জরুরি উদ্ধারকারী দল নৌকা ও হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
জাতীয় আবহাওয়া পরিষেবা কের কাউন্টির কিছু এলাকায় জরুরি অবস্থা জারি করেছে। সান আন্তোনিও শহর থেকে প্রায় ১০৫ কিমি উত্তর-পশ্চিমে অবস্থিত টেক্সাস হিল কান্ট্রি অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একটানা ভারী বর্ষণে প্রায় এক ফুট পর্যন্ত বৃষ্টি হয়েছে, ফলে প্লাবিত হয়েছে বহু ঘরবাড়ি।
কের কাউন্টির শেরিফ ল্যারি লাইথা জানান, এখন পর্যন্ত ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমার মনে হয়, উদ্ধার কাজ শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে।”
বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩০ হাজার মানুষ। তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন স্থানে ছুটছে।