স্বাধীনতা দিবসে ট্রাম্পের আলোচিত বিল আইনে পরিণত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত কর ও ব্যয় ছাঁটাই বিলটিতে সই করেছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাই শুক্রবার, হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ‘বিগ বিউটিফুল বিল’ নামক এই বিলটিতে স্বাক্ষর করে একে আইনে পরিণত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপাবলিকান দলের কিছু আইনপ্রণেতা, যারা বিল পাসে সহায়তা করেছিলেন। তারা দাঁড়িয়ে ট্রাম্পকে অভিনন্দন জানান।
রিপাবলিকানদের নিয়ন্ত্রিত কংগ্রেসে বিলটি ২১৮-২১৪ ভোটে পাস হয়। যদিও এটি দলের সব সদস্যকে সন্তুষ্ট করতে পারেনি, তবুও নির্ধারিত সময়সীমা অর্থাৎ ৪ জুলাইয়ের মধ্যেই বিলটি পাস করে কংগ্রেস এবং প্রেসিডেন্ট সেটিকে আইনে রূপ দেন।
বিলে সইয়ের সময় ট্রাম্প বলেন, “আমরা যা করেছি, তা হলো—একটি বিলের মধ্যে সবকিছুকে একত্র করেছি।” প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, “এই বিল ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকারগুলোর প্রতিফলন এবং মার্কিন জনগণের চাওয়ার প্রতিচ্ছবি।” তিনি এই দিনটিকে ‘আমেরিকান জনগণের বিজয়ের দিন’ হিসেবে উল্লেখ করেন।
বিলটি পাসের মাধ্যমে ট্রাম্প প্রশাসন অভিবাসন অভিযান তহবিল পাবে, ২০১৭ সালের করছাড় স্থায়ী হবে এবং স্বাস্থ্য বীমা থেকে লাখো মার্কিন নাগরিক বাদ পড়তে পারেন—এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
স্বাক্ষর অনুষ্ঠানে ছিল স্টেলথ বোমারু ও ফাইটার জেটের প্রদর্শনী, যেগুলো সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় অভিযানে অংশ নিয়েছিল।
যদিও ট্রাম্প ও তার সমর্থকরা বিলটিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে দেখছেন, নিরপেক্ষ বিশ্লেষণ বলছে—এই আইনের কারণে যুক্তরাষ্ট্রের মোট ঋণ বাড়বে আরও তিন ট্রিলিয়ন ডলার।