ইরানে আশুরা উপলক্ষে আয়াতুল্লাহ খামেনির প্রকাশ্যে আগমন
ইরান-ইসরায়েলের ১২ দিনের সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি অংশ নেন।
রবিবার (৬ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, আয়াতুল্লাহ খামেনি যখন মসজিদে প্রবেশ করছেন, তখন উপস্থিত জনগণ তাকে অভ্যর্থনা জানিয়ে স্লোগান দিচ্ছেন।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েলের একটি সামরিক অভিযানের পর থেকে নিরাপত্তাজনিত কারণে খামেনি জনসমক্ষে আসা থেকে বিরত ছিলেন। সংঘাত শুরুর পর তিনি শুধুমাত্র পূর্বে ধারণকৃত ভিডিওর মাধ্যমে বক্তব্য দিচ্ছিলেন। এটি ছিল তার যুদ্ধ পরবর্তী প্রথম সরাসরি জনসম্মুখে উপস্থিতি।