টেক্সাসে আকস্মিক বন্যায় নিহত ৪৩, নিখোঁজ ২৭ শিশু
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩ জন। নিহতদের মধ্যে ১৫ জনই শিশু। এখনো নিখোঁজ রয়েছে আরও ২৭ শিশু। রোববার (৫ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
বন্যার সময় নিখোঁজ হওয়া শিশুরা কের কাউন্টিতে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নিতে গিয়েছিল। ইতোমধ্যে চার শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাদের পরিবার।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে এখনও তৎপরতা চালানো হচ্ছে এবং একজনকেও না পাওয়া পর্যন্ত অভিযান চলবে। এ পর্যন্ত ৮৫০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকেই টানা ভারী বর্ষণে টেক্সাসের গুয়াদালুপ নদীর পানি হঠাৎ করে ২৯ ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। এর ফলে আশপাশের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। আবহাওয়া বিভাগ জানায়, ওই অঞ্চলে একদিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা সাধারণত পুরো বছরের অর্ধেক বৃষ্টির সমান।