সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বমালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি অভিযোগ, তদন্তে বাংলাদেশ

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি অভিযোগ, তদন্তে বাংলাদেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি অভিযোগ, তদন্তে বাংলাদেশ

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, উগ্রবাদী তৎপরতায় সম্পৃক্ততার অভিযোগে আটককৃত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। পরে আইন ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানান, ইতোমধ্যে তিনজন দেশে ফিরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তিনি ঘটনাটিকে বিব্রতকর বলেও উল্লেখ করেন।


শুক্রবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ ইসমাইল জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) মতাদর্শ ছড়ানো ও সদস্য সংগ্রহের অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তিনি বলেন, তারা একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলে, যা অন্যান্য বাংলাদেশি শ্রমিকদের লক্ষ্য করে আইএস-এর মতাদর্শ প্রচার ও অর্থ সংগ্রহ করত।


এ বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এমন অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। যদিও বাংলাদেশে আইএসের সাংগঠনিক ভিত্তির কোনো প্রমাণ মেলেনি, তারপরও বিষয়টি তদন্তযোগ্য। ফেরত আসা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের চেষ্টা চলছে। প্রয়োজনে দেশের ভেতরেও যদি কোনো সংশ্লিষ্টতা থাকে, তা খুঁজে বের করা হবে।


বাংলাদেশ সরকারের অবস্থান হচ্ছে—সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে চলা এবং একইসঙ্গে নিশ্চিত করা যাতে নিরীহ কেউ হয়রানির শিকার না হন। কারণ, এই বিষয়টি শুধু দেশের ভাবমূর্তি নয়, মালয়েশিয়াসহ গুরুত্বপূর্ণ শ্রমবাজারে লাখো প্রবাসী বাংলাদেশির জীবিকার প্রশ্নের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত।


জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশে অতীতে হোলি আর্টিজান হামলার মতো চরমপন্থী ঘটনার নজির রয়েছে। অথচ সাম্প্রতিক এক মন্তব্যে ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দাবি করেন, "বাংলাদেশে জঙ্গি নেই, ছিনতাইকারী আছে।" তার এই মন্তব্য প্রশ্ন তুলেছে: তাহলে ২০১৬ সালের ওই ভয়াবহ হামলার দায়ভার কে নেবে?


পরিস্থিতি মোকাবেলায় সরকার যেমন তদন্ত চালিয়ে যাচ্ছে, তেমনি মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সৃষ্ট জটিলতা নিরসনের প্রচেষ্টাও চলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপদেষ্টারা।