চীনের বিরুদ্ধে রাফালবিরোধী কূটনৈতিক প্রচারের অভিযোগ
ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে এবার রাফাল যুদ্ধবিমান নিয়ে চীনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলেছে ফ্রান্স।
ফরাসি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, নিজেদের তৈরি যুদ্ধবিমান জে-১০সি’র বিক্রি বাড়াতে এবং রাফাল যুদ্ধবিমানের আন্তর্জাতিক বাজারে ধস নামাতে অপকৌশলের আশ্রয় নিচ্ছে চীন। এ উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে থাকা চীনা দূতাবাসগুলো রাফালের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ তাদের।
ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে গেম চেঞ্জার হিসেবে বিবেচিত ফরাসি প্রযুক্তির রাফাল, সম্মুখ যুদ্ধে তিনটি বিমান হারায় বলে স্বীকার করেছে নয়াদিল্লি। এ ঘটনার পরই রাফালের নির্মাতা দাসো এভিয়েশনের শেয়ারমূল্যে বড় ধস দেখা দেয়। বিপরীতে চীনা জে-১০সি যুদ্ধবিমানের শেয়ারমূল্য ঊর্ধ্বমুখী হয়।
একজন ফরাসি সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপি-কে জানান, রাফাল কেনার সম্ভাব্য দেশগুলোর মধ্যে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে বেইজিং। উদ্দেশ্য—রাফালের প্রতি আস্থা নষ্ট করে নিজেদের তৈরি যুদ্ধবিমান বিক্রির সুযোগ তৈরি করা।
তবে এসব অভিযোগকে "সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব" আখ্যা দিয়ে সরাসরি অস্বীকার করেছে চীনা কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত ফরাসি প্রতিষ্ঠান দাসো এভিয়েশন ৫৩৩টি রাফাল যুদ্ধবিমান বিক্রি করেছে, যার মধ্যে ভারত, মিসর, কাতার, গ্রীস, ক্রোয়েশিয়া এবং ইন্দোনেশিয়াসহ বেশ কিছু দেশে ৩২৩টি সরবরাহ করা হয়েছে। মাল্টি টার্গেটিং প্রযুক্তির কারণে ‘ফোর-পয়েন্ট-ফাইভ’ জেনারেশনের এই ফাইটার জেটটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।