‘মাশরুম খুন’: অস্ট্রেলিয়ায় আলোচিত মামলায় তিনজনকে হত্যার দায়ে গৃহবধূ দোষী
অস্ট্রেলিয়ায় আলোচিত ‘মাশরুম খুন’ মামলায় স্বামীর বাবা-মা এবং খালাকে বিষাক্ত মাশরুম মিশিয়ে খাবার খাইয়ে হত্যার অভিযোগে গৃহবধূ এরিন প্যাটারসনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সোমবার (৭ জুলাই) ভিক্টোরিয়ার একটি আদালতে এই রায় ঘোষণা করা হয়।
ঘটনাটি ঘটে ২০২৩ সালের জুলাই মাসে। পারিবারিক এক মধ্যাহ্নভোজে প্যাটারসন নিজের গ্রামের বাড়িতে বিফ ওয়েলিংটন রান্না করেন, যেখানে গরুর মাংসের সঙ্গে মিশ্রিত ছিল মারাত্মক বিষাক্ত ‘ডেথ ক্যাপ’ মাশরুম। খাবার গ্রহণের এক সপ্তাহের মধ্যেই মারা যান তার স্বামীর বাবা ডন, মা গেইল এবং খালা হিদার। গুরুতর অসুস্থ হয়ে বেঁচে যান হিদারের স্বামী ইয়ান উইলকিনসন, যিনি একজন গির্জার পাদরি।
মামলার শুনানিতে প্যাটারসনের দাবি ছিল, তিনি ভুল করে ডেথ ক্যাপ মাশরুম মিশিয়ে ফেলেছিলেন। কিন্তু তদন্তে উঠে আসে, তিনি এক বছর আগে থেকেই বিষাক্ত মাশরুমের খোঁজে অনলাইন ঘাঁটাঘাঁটি করছিলেন এবং ঘটনার পর নিজের ফুড ডিহাইড্রেটরটি ফেলে দেন, যাতে পরে বিষাক্ত উপাদানের নমুনা পাওয়া যায়।
জুরি বোর্ড দীর্ঘ শুনানির পর তাকে তিনজনকে হত্যার দায়ে এবং একজনকে হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করে।
এই ঘটনায় প্যাটারসনের অতীত সম্পর্ক, পারিবারিক কলহ এবং সন্তানের ভরণপোষণ নিয়ে বিরোধও আলোচনায় আসে। জানা যায়, ঘটনার দিন তিনি স্বামী সায়মনকে আমন্ত্রণ জানালেও তিনি অনুপস্থিত ছিলেন।
বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া এই মামলাটি অস্ট্রেলিয়ার অন্যতম আলোচিত হত্যা মামলা হিসেবে গণ্য হচ্ছে। চিকিৎসক, মাশরুম বিশেষজ্ঞ, কম্পিউটার বিশ্লেষকসহ বহুজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
আদালত জানিয়েছে, পরবর্তী শুনানিতে এরিন প্যাটারসনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দণ্ড ঘোষণা করা হবে।