পদচ্যুতির পর আত্মঘাতী সাবেক মন্ত্রী? তদন্তে রুশ কর্তৃপক্ষ
রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভোইত মৃত অবস্থায় পাওয়া গেছেন। দেশটির তদন্ত কমিটি জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করা হলেও, ঘটনার পেছনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) এই তথ্য প্রকাশ করা হয়। এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই দিনই তাকে মন্ত্রিপদ থেকে বরখাস্ত করেন। তবে বরখাস্তের নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তার স্থলাভিষিক্ত হন সহকারী মন্ত্রী আন্দ্রেই নিকিতিন।
স্তারোভোইত মাত্র দু’মাস আগে, ২০২৪ সালের মে মাসে পরিবহনমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তিনি ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কুর্স্ক অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের আগস্টে ইউক্রেনীয় বাহিনী কুর্স্কে অভূতপূর্ব হামলা চালিয়ে কিছু অংশ দখলে নেয়। যদিও মস্কো পরে অঞ্চলটি পুনর্দখল করে, তবুও কিয়েভ দাবি করে, তারা এখনো সীমান্তের ভেতরে ছোট একটি অংশ নিয়ন্ত্রণে রেখেছে।
স্তারোভোইতের মৃত্যুর সময়কাল নিশ্চিত নয়। তবে রাশিয়ার স্টেট ডুমার প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভ জানান, তার মৃত্যু ‘কিছুদিন আগেই’ ঘটেছে।
এদিকে, স্তারোভোইতের উত্তরসূরি আলেক্সেই স্মিরনভকেও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়, যিনি ইউক্রেন সীমান্তে প্রতিরক্ষা নির্মাণের তহবিল আত্মসাতের অভিযোগে অভিযুক্ত।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আস্থা হারানোর কথা বলা হয়, যখন সত্যিই আস্থা হারানো হয়।” তিনি স্তারোভোইতের প্রতি পুতিনের আস্থাহীনতা প্রসঙ্গে সরাসরি উত্তর এড়িয়ে যান।
সূত্র: বিবিসি নিউজ