তেলের বিনিময়ে চীনা ক্ষেপণাস্ত্র পেল ইরান
ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ধ্বংসপ্রাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে ইরান। এজন্য চীনের কাছ থেকে অত্যাধুনিক সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম ‘HQ-9’ সংগ্রহ করেছে দেশটি, যার বিনিময়ে ইরান তেল সরবরাহ করেছে।
‘HQ-9’ মূলত রাশিয়ার এস-৩০০ সিস্টেমের আদলে নির্মিত। ২০০১ সাল থেকে ব্যবহৃত এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৩০০ কিলোমিটার এবং এটি ১৮০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম। ইসরায়েলের বিমান হামলা প্রতিহত করার জন্য এটি কার্যকর বলে ধারণা করা হচ্ছে।
মিডল ইস্ট আই ও মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের বরাতে জানা গেছে, ইরান-ইসরায়েল ১২ দিনের সংঘাতের পর বর্তমানে যুদ্ধবিরতি চলছে। এই সময়টিকে কাজে লাগিয়ে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে। এ ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে তেহরানে পৌঁছেছে বলে জানানো হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েল সফলভাবে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। এরপরই আকাশ প্রতিরক্ষা উন্নয়নে উদ্যোগী হয় তেহরান। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রও সচেতন রয়েছে বলে জানিয়েছে সূত্র।