সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বসংলাপ নয়, এবার রাস্তায় আন্দোলন—ইমরান খানের ঘোষণা

সংলাপ নয়, এবার রাস্তায় আন্দোলন—ইমরান খানের ঘোষণা

favicon
অনলাইন সংস্করণ
সংলাপ নয়, এবার রাস্তায় আন্দোলন—ইমরান খানের ঘোষণা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা কারাবন্দি ইমরান খান দেশব্যাপী নতুন করে আন্দোলনের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন দলের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান।


মঙ্গলবার (৮ জুলাই) আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের পর গোহর জানান, আগামী ৫ আগস্ট ইমরানের কারাবাসের দুই বছর পূর্ণ হবে। এ উপলক্ষে দেশজুড়ে এক শক্তিশালী ও শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।


মঙ্গলবার সন্ধ্যায় ইমরান খানের এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, তিনি আর কোনো সংলাপে আগ্রহী নন। “দেশের স্বার্থে বহুবার আলোচনার আহ্বান জানিয়েছি, কিন্তু এখন সংলাপের সময় পেরিয়ে গেছে,” বলেন পিটিআই প্রতিষ্ঠাতা।


তিনি আরও বলেন, “২৬তম সাংবিধানিক সংশোধনের পর আদালতের কাছ থেকে ন্যায়বিচারের যে আশা ছিল, সেটাও মুছে গেছে। এখন কেবল একটি পথই খোলা আছে—সেটা হলো দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন। রাস্তায় নেমেই জাতিকে পুতুল শাসকদের হাত থেকে মুক্ত করতে হবে।”


ইমরানের বোন আলিমা খানও কারাগারের বাইরে সাংবাদিকদের জানান, পরিবারসহ তারা এই আন্দোলনের অংশ হবেন।


পিটিআই সূত্র বলছে, চলতি সপ্তাহেই আন্দোলনের বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। দলীয় কর্মী, সমর্থক ও জনগণকে প্রস্তুত থাকতে আহ্বান জানানো হয়েছে।


সূত্র: ডন.