বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › লেবাননে আবারও ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১

লেবাননে আবারও ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১

favicon
অনলাইন সংস্করণ
লেবাননে আবারও ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে পরপর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (৫ জুলাই) এসব হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।


লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, দক্ষিণাঞ্চলীয় বিনত জিবেইল, শেবা এবং চাকরা শহরে অন্তত চার দফা ড্রোন হামলা চালানো হয়।


প্রথম হামলায় বিনত জিবেইল শহরের সাফ আল-হাওয়া এলাকায় একটি গাড়িতে আঘাত হানে ড্রোন। এতে একজন নিহত এবং আরও দুজন আহত হন। একই এলাকায় এরপর আরও একটি হামলা চালানো হয়। এছাড়া শেবা শহরে একটি বাড়িতে চালানো ড্রোন হামলায় আহত হন পরিবারের একাধিক সদস্য। চাকরা শহরের হামলায়ও দুজন আহত হন বলে জানায় মন্ত্রণালয়।


এর মাত্র দুদিন আগে, গত ৩ জুলাই রাজধানী বৈরুতের দক্ষিণে খালদেহ শহরে একটি গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় একজন নিহত এবং কমপক্ষে চারজন আহত হন।


উল্লেখ্য, গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে শুরু থেকেই এই চুক্তি মানছে না ইসরায়েল—এমন অভিযোগ উঠছে লেবাননের পক্ষ থেকে।