বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › সিসিটিভি ফুটেজে ধরা পড়লো কিয়েভে চাঞ্চল্যকর গুপ্তহত্যা

সিসিটিভি ফুটেজে ধরা পড়লো কিয়েভে চাঞ্চল্যকর গুপ্তহত্যা

favicon
ভোরের আলো ডেস্ক:
সিসিটিভি ফুটেজে ধরা পড়লো কিয়েভে চাঞ্চল্যকর গুপ্তহত্যা

ইউক্রেনের রাজধানী কিয়েভে দিনে-দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তাকে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে কিয়েভের হোলোসিইভস্কি এলাকার একটি পার্কিং লটে এই হামলার ঘটনা ঘটে।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহত কর্মকর্তার নাম কর্নেল ইভান ভোরোনিচ। অজ্ঞাত এক ব্যক্তি তাকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছুড়ে পালিয়ে যায়।


সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ৯টার কিছু পর কর্নেল ভোরোনিচ একটি ভবন থেকে বের হয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন। তখনই হামলাকারী দৌড়ে এসে তাকে গুলি করে। তার শরীরে পাঁচটি গুলি লাগে বলে জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা।


এসবিইউ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।


এ ঘটনা এমন এক সময় ঘটল, যখন ইউক্রেন রুশ বাহিনীর লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে টালমাটাল সময় পার করছে। মঙ্গলবার রাতেই রাশিয়া ইউক্রেনজুড়ে ৭২৮টি ড্রোন ও ১৩টি মিসাইল ছোড়ে। বৃহস্পতিবার ভোরে কিয়েভে আরেক দফা হামলায় কমপক্ষে ২ জন নিহত ও ১৬ জন আহত হন।


উল্লেখ্য, ইউক্রেনের এসবিইউ মূলত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারির দায়িত্বে নিয়োজিত— যা ব্রিটেনের এমআই-৫ এর মতো। তবে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর সংস্থাটি সীমান্ত ছাড়িয়ে রুশ ভূখণ্ডে নাশকতা, গুপ্তহত্যা এবং গোয়েন্দা অভিযানে জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।


বিশেষ করে ২০২৪ সালের ডিসেম্বরে রুশ জেনারেল ইগর কিরিলভ এবং চলতি বছর মস্কোতে গাড়িবোমায় নিহত জেনারেল ইয়ারোস্লাভ মোস্কালিকের মৃত্যুর পেছনে ইউক্রেনের এসবিইউ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হয়। যদিও এসব ঘটনার দায় ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।


এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী আবারও ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তারা কুরস্ক অঞ্চলের সেই অংশ পুনর্দখল করেছে, যা গত গ্রীষ্মে ইউক্রেনের সাময়িক নিয়ন্ত্রণে ছিল।


বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড, এর মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপসহ, নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।