মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বকেন সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে ইসরাইল?

কেন সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে ইসরাইল?

favicon
অনলাইন সংস্করণ
কেন সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে ইসরাইল?

দামেস্কে প্রেসিডেন্ট ভবনের কাছে ইসরাইলের বিমান হামলা চালানো হয়েছে। ইসরাইল জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা।


একইসাথে ইসরাইলি ড্রোন হামলা হয়েছে দক্ষিণ সিরিয়ার সুওয়াইদা শহরে, যেটি জর্ডান সীমান্তের কাছে অবস্থিত এবং মূলত দ্রুজ জনগোষ্ঠীর বসবাস।


কেন হামলা চালালো ইসরাইল?

সিরিয়ার সরকারি বাহিনী ও স্থানীয় দ্রুজদের মধ্যে সম্প্রতি সুওয়াইদায় মারাত্মক সংঘর্ষের পর এই হামলা চালায় ইসরাইল।

এই সংঘর্ষ শুরু হয় স্থানীয় দ্রুজ ও বেদুইনদের মধ্যে পাল্টাপাল্টি অপহরণ ও হামলার মধ্য দিয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরীয় সরকারি বাহিনী হস্তক্ষেপ করে, যা সংঘর্ষকে আরও বাড়িয়ে তোলে।


ইসরাইল ও সিরিয়া উভয়ই দ্রুজ সম্প্রদায়কে নিজেদের অনুগত মনে করে। ইসরাইলে বসবাসরত অনেক দ্রুজ ইসরাইলি সেনাবাহিনীতে চাকরি করেন, ফলে ইসরাইলের প্রতি তাদের সহানুভূতি রয়েছে।


দ্রুজদের অবস্থান

সিরিয়া, লেবানন, ইসরাইল ও গোলান মালভূমিতে বসবাসকারী আরবভাষী সংখ্যালঘু এই দ্রুজ সম্প্রদায় প্রায় ১০ লাখ। এর অর্ধেকই সিরিয়ায়।

ইসরাইলি পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ইসরাইল ও গোলান মালভূমিতে প্রায় ১ লাখ ৫২ হাজার দ্রুজ বাস করেন।


সিরিয়ার সুয়েইদায় সংঘর্ষে দ্রুজরাও বিভক্ত। তাদের নেতা ইয়াসের জারবু সরকার ঘোষিত যুদ্ধবিরতিতে সম্মত হলেও, হিকমত আল-হিজরি এই যুদ্ধবিরতিকে প্রত্যাখ্যান করেছেন।


সিরিয়ার প্রতিক্রিয়া

সিরিয়া এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।

ওমরান সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের নির্বাহী পরিচালক আম্মার কাহফ বলেছেন,

“ইসরাইল সিরিয়ায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বাধা দিতেই এসব হামলা চালাচ্ছে। নতুন নেতৃত্বের ওপর ইসরাইল নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চাইছে।”


তিনি আরও বলেন,

“একটি বিদেশী সরকার এসে জনসাধারণের সম্পত্তি ধ্বংস করছে ও নিরাপত্তা বিঘ্নিত করছে—এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।”


সামরিক বাহিনী প্রত্যাহারের ঘোষণা

সিরিয়া সরকার ঘোষণা করেছে, সুওয়াইদা শহর থেকে সামরিক বাহিনী প্রত্যাহার শুরু হবে। তবে অন্যান্য নিরাপত্তা বাহিনী সরে যাবে কিনা, সে বিষয়ে কিছু বলা হয়নি।