দক্ষিণ কোরিয়ায় রেকর্ড বৃষ্টিপাত, নিহত ৪, নিরাপদ আশ্রয়ে ১,৩০০ জন
দক্ষিণ কোরিয়ায় মুষলধারে বৃষ্টিপাতের কারণে প্রাণ হারিয়েছেন চারজন। এছাড়া দুর্যোগ পরিস্থিতিতে ১,৩০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভারি বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দু’জন বৃদ্ধ। তাদের মধ্যে একজন নিজ বাড়ির বেসমেন্ট থেকে জমে থাকা পানি সরানোর চেষ্টা করছিলেন।
তৃতীয়জনের মৃত্যু হয়েছে গাড়ির ওপর দেয়াল ধসে পড়ে। দুর্ঘটনার কিছুক্ষণ আগেই তিনি স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন যে তার গাড়ি ‘ভেসে যাচ্ছে’।
আরেকজন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
গোয়াংজু শহরের এক ক্যাফের মালিক কিম হা-মিন বলেন, "আমি জীবনে কখনও এত ভারি বৃষ্টি দেখিনি। কীভাবে এমন ঘটতে পারে, বুঝতে পারছি না।"
রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে দক্ষিণ কোরিয়ার সরকার দুর্যোগ সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে।
দেশটির পশ্চিম উপকূলের শহর সিওসান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র অর্ধেক দিনে সেখানে ৪০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর এটিকে শতাব্দীতে একবার ঘটে এমন দুর্যোগ বলেও উল্লেখ করেছে।