যুক্তরাজ্যে ভোটের বয়সসীমা ১৬ করার পরিকল্পনা, তরুণদের ইতিবাচক সাড়া
যুক্তরাজ্যে এবার ১৬ বছর বয়স থেকেই প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেওয়া ও ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে কিশোর-কিশোরীরা। সরকার পরিকল্পনা করছে, ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনেও ভোটদানের সর্বনিম্ন বয়সসীমা ১৬ করা হবে।
বিষয়টি নিয়ে ইতোমধ্যে কিছুটা বিতর্ক শুরু হলেও তরুণ প্রজন্মের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে সরকার। খবর বিবিসির।
বর্তমানে যুক্তরাজ্যের স্কটল্যান্ড ও ওয়েলসে স্থানীয় নির্বাচন এবং পার্লামেন্ট নির্বাচনে ১৬ বছর বয়সীরা ভোট দিতে পারে। তবে ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে ভোট দেওয়ার বয়স এখনো ১৮।
নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্রিটেনজুড়ে সব ধরনের নির্বাচনে ১৬ ও ১৭ বছর বয়সীরা ভোট দিতে পারবে। দেশটির নির্বাচন সংস্কারবিষয়ক মন্ত্রী আলী জানিয়েছেন, পরবর্তী সাধারণ নির্বাচনের আগেই এই উদ্যোগ কার্যকর করতে চায় সরকার। ২০২৯ সালের মধ্যে যুক্তরাজ্যের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা তার আগেও হতে পারে।
এ বিষয়ে এক তরুণ বলেন, ‘‘দেশের বিভিন্ন সমস্যা নিয়ে মত প্রকাশের সুযোগ পাওয়া গুরুত্বপূর্ণ। ১৬-১৭ বছর বয়সেই যদি ভোট দিতাম, তাহলে তখন থেকেই রাজনীতি ও অর্থনীতি নিয়ে ভাবার সুযোগ পেতাম।’’
আরেকজন তরুণ জানান, ‘‘আমাদের ভবিষ্যৎ নির্ধারণে এটা ভালো উদ্যোগ। কারণ সরকারই শিক্ষা, স্বাস্থ্য, চাকরির মতো বিষয় নিয়ন্ত্রণ করে।’’
বিশ্লেষকরা বলছেন, এটি ১৯৬৯ সালের পর ব্রিটেনে ভোটার বয়স সংক্রান্ত সবচেয়ে বড় পরিবর্তন হতে যাচ্ছে। সেই বছরই ভোটের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছিল।
তবে এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। দলটির ছায়ামন্ত্রী পল হোমস সরকারের এই পরিকল্পনাকে ‘‘চরম বিভ্রান্তিকর’’ বলে মন্তব্য করেছেন।