অতিরিক্ত পর্যটন ঠেকাতে বার্সেলোনায় দুটি ক্রুজ-শিপ টার্মিনাল বন্ধের সিদ্ধান্ত
স্পেনের বার্সেলোনা শহর অতিরিক্ত পর্যটনের চাপ সামাল দিতে বড় সিদ্ধান্ত নিয়েছে। শহরটির দুটি ক্রুজ-শিপ টার্মিনাল বন্ধ করার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।
এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষা করা ও বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করা।
বিশ্বের অন্যতম ব্যস্ত ক্রুজ বন্দর হিসেবে বার্সেলোনায় প্রতি বছর লাখ লাখ পর্যটক জাহাজে করে আসেন। কিন্তু পর্যটনের এই চাপ শহরের অবকাঠামো, পরিবেশ এবং স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রায় জটিলতা তৈরি করছে।
এ প্রেক্ষিতে, বামপন্থী মেয়র জাউমে কলবোনির নেতৃত্বে শহর প্রশাসন কঠোর পর্যটন নিয়ন্ত্রণের পথে হাঁটছে।
দুটি টার্মিনাল বন্ধ হওয়ার ফলে বার্সেলোনায় ক্রুজ জাহাজের ধারণক্ষমতা ৩৩ শতাংশ কমে যাবে। প্রশাসনের আশা, এতে দৈনিক পর্যটকের সংখ্যা কমবে, পাশাপাশি শহরের বায়ুদূষণ ও অতিরিক্ত ভিড়ও হ্রাস পাবে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক স্থানীয় বাসিন্দা, যারা দীর্ঘদিন ধরে পর্যটন-সংক্রান্ত সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। তবে বিপরীতে পর্যটন খাতের কিছু ব্যবসায়ী ও কর্মীরা এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ ক্রুজ শিল্প বার্সেলোনার অর্থনীতিতে বছরে প্রায় ১ বিলিয়ন ইউরো অবদান রাখে।
বার্সেলোনা প্রশাসন এবার টেকসই পর্যটন ও স্থানীয় সংস্কৃতি সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে। তারা ঐতিহাসিক স্থাপনার রক্ষণাবেক্ষণ ও কম দূষণকারী পরিবহন ব্যবস্থার উন্নয়নেও কাজ করছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে বার্সেলোনা বিশ্বের অন্যান্য পর্যটন শহর যেমন ভেনিস, আমস্টারডাম ও ডাবলিনের মতো কঠোর পর্যটন নীতির পথ অনুসরণ করছে।
সূত্র: সিএনএন নিউজ