মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির

favicon
অনলাইন সংস্করণ
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির

ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সাফ জানিয়ে দিয়েছেন— ইরান ও এর মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি। তিনি বলেন, “আমাদের সামরিক অভিযান চলবে যতক্ষণ না ইরান-সংশ্লিষ্ট হুমকি দূর হয়।”


মঙ্গলবার (২২ জুলাই) আনাদোলুর খবরে জানানো হয়, এক সামরিক বৈঠকে জামির বলেন, গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান ও জিম্মিদের মুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। গাজার সংঘাতকে তিনি ইসরায়েলের ইতিহাসে অন্যতম কঠিন ও কৌশলগতভাবে জটিল যুদ্ধ হিসেবে অভিহিত করেন।


সেনাপ্রধান জানান, সিরিয়া ও হিজবুল্লাহ যেন কৌশলগত শক্তি অর্জন না করতে পারে, সেদিকে নজর রেখেই অভিযান চালানো হচ্ছে। ওয়েস্ট ব্যাংকের জুডিয়া ও সামারিয়াতেও ইসরায়েলি বাহিনী তৎপর রয়েছে।


তিনি বলেন, “আমরা জানি এই যুদ্ধে আমাদের বড় মূল্য দিতে হচ্ছে। কিন্তু হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত আমাদের লক্ষ্য পূরণ হবে না।”


২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৫৯ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধের কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, খাদ্য সংকট চরমে এবং মানবিক বিপর্যয় চলছে।


এই যুদ্ধের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আন্তর্জাতিক বিচার আদালতেও (ICJ) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।