“প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে”— হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে, তবে বাংলা ভাষাকে রক্ষা করতেই হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বাংলা ভাষার ওপর নেমে আসা তথাকথিত ‘ভাষা-সন্ত্রাস’ নিয়ে তিনি সরব হন।
মুখ্যমন্ত্রী বলেন, “উত্তমকুমার শুধু একজন অভিনেতা নন, তিনি আমাদের গর্ব, জাতির গর্ব, সংস্কৃতির গর্ব। প্রতি বছর এই দিনে আমরা তাকে স্মরণ করি।”
তিনি আরও বলেন, “ভাষা, সভ্যতা ও সংস্কৃতি— এটাই একটি জাতির মেরুদণ্ড। শিশুরা যেমন প্রথম 'মা' বলে, তেমনি আমরা মাতৃভাষায় কথা বলা শিখি। অথচ আজ বাংলা ভাষার ওপর ভাষা-সন্ত্রাস চলছে। বাংলা ভাষায় কথা বলার অপরাধে কেউ কেউ জেলে যাচ্ছেন, দেশান্তরী হচ্ছেন।”
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলা ভাষা সারা বিশ্বে পঞ্চম এবং এশিয়ায় দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা, যেখানে প্রায় ৩০ কোটি মানুষ এই ভাষায় কথা বলেন। অথচ এত বড় ভাষার মর্যাদা রক্ষা করা হচ্ছে না।
তিনি বাংলা গানের শিল্পী ও চলচ্চিত্রকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বলেন, “বাংলা ভাষাকে অপমান করবেন না। সব ভাষার প্রতি সম্মান রেখে বাংলার শিল্পীদের একটু বেশি গুরুত্ব দিন। সব ভাষার সমন্বয়েই গড়ে উঠুক ঐক্য ও সম্প্রীতি।”
শেষে তিনি বলেন, “বাংলা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুলের ভাষা। বাংলা জাতীয় সঙ্গীতের জন্মদাতা। বাংলা ভাষার ওপর এই সন্ত্রাস কেন? বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য গ্রেফতার করা হয়, তবে লড়াই হবে দিল্লি পর্যন্ত। প্রয়োজনে আবার ভাষা আন্দোলন শুরু হবে।”