মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বআমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, জরুরি নেমে প্রাণে বাঁচলো যাত্রীরা

আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, জরুরি নেমে প্রাণে বাঁচলো যাত্রীরা

favicon
অনলাইন সংস্করণ
আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, জরুরি নেমে প্রাণে বাঁচলো যাত্রীরা

যুক্তরাষ্ট্রের ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টেকঅফের ঠিক আগে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট-৩০২৩-এ ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে হঠাৎ আগুন ও ধোঁয়া দেখা যায়। তৎক্ষণাৎ বিমানের ১৭৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্যকে জরুরি স্লাইড ব্যবহার করে নিরাপদে নামিয়ে আনা হয়।


মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের ফ্লাইটটি তখনো রানওয়েতেই ছিল এবং ডেনভার থেকে মায়ামির উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।


ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ছাড়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের আগেই বিমানের একটি টায়ার সংক্রান্ত যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়।


ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিমানের পেছন দিক থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং আতঙ্কিত যাত্রীরা জরুরি স্লাইড দিয়ে দ্রুত নামছেন।


ঘটনার পর পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং একজন যাত্রীকে সামান্য আঘাতের কারণে হাসপাতালে নেওয়া হয়। বাকিরা সুস্থ রয়েছেন।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের পরে বাসে করে টার্মিনালে ফেরত আনা হয়।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, উড্ডয়নের আগে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায় ফ্লাইটটিকে সার্ভিস থেকে সরিয়ে পরিদর্শনের জন্য রাখা হয়েছে।