গ্রিসে ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেললেন সিরিয়ান নাগরিক
গ্রিসের একটি সমুদ্র সৈকতে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত একজন সিরিয়ান নাগরিক। গ্রিস পুলিশ ও ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
ভুক্তভোগী পর্যটকের নাম স্টাভ বেন-সুসান। তিনি জানান, গ্রিসের অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে স্ত্রীসহ ভ্রমণে যান। সেখানে আরেক ইসরায়েলি দম্পতির সঙ্গে কথা বলার সময় এক ব্যক্তি হঠাৎ তাদের ভিডিও করা শুরু করেন এবং উচ্চস্বরে স্লোগান দেন— ‘ফ্রি ফিলিস্তিন’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘আমি হামাস’।
একপর্যায়ে ওই ব্যক্তি বালু ছুড়ে মারলে বেন-সুসান তাকে ধাক্কা দেন। পরে নিরাপত্তা কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সিরিয়ান ব্যক্তিকে সরিয়ে দেন।
তবে ঘটনার এক ঘণ্টা পর বেন-সুসান ও তার স্ত্রী সৈকত ত্যাগ করার সময় আবারও ওই সিরিয়ান ব্যক্তি তাদের পথরোধ করেন এবং তার স্ত্রীর ওপর হামলা চালানোর চেষ্টা করেন। বাধা দিতে গেলে তিনি বেন-সুসানের কানের একটি অংশ ছিঁড়ে ফেলেন। পরে পুলিশ তাকে আটক করে।
ইসরায়েলি গণমাধ্যম জানায়, গত কয়েক দিনে গ্রিসে এটি ছিল তৃতীয় ইসরায়েল-বিরোধী হামলার ঘটনা। এর আগে গ্রীক দ্বীপ রোডসে ইসরায়েলি কিশোরদের ওপর হামলা এবং সাইরোস দ্বীপে একটি ইসরায়েলি মালিকানাধীন ক্রুজ জাহাজের নোঙর ঠেকিয়ে দেওয়া হয়।