সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বগাজায় খাদ্য সংকটে মৃত্যুর মিছিল, মৃতদের মধ্যে রয়েছে শিশু

গাজায় খাদ্য সংকটে মৃত্যুর মিছিল, মৃতদের মধ্যে রয়েছে শিশু

favicon
অনলাইন সংস্করণ
গাজায় খাদ্য সংকটে মৃত্যুর মিছিল, মৃতদের মধ্যে রয়েছে শিশু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮০ জন। একইসঙ্গে অনাহার ও দুর্ভিক্ষে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে রয়েছে দুটি শিশু। মঙ্গলবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান ইসরাইলি আগ্রাসনে ইতোমধ্যে অপুষ্টিজনিত কারণে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে। এদের মধ্যে ৮৮ জনই শিশু।


বিশেষ করে চলতি বছরের মার্চ মাসে ইসরাইল পুরো গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে। মে মাসে আংশিক অবরোধ শিথিল করলেও এখনো অত্যন্ত সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশ করছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর একাধিক সতর্কতা সত্ত্বেও প্রয়োজনীয় সহায়তা প্রবেশে বাধা রয়ে গেছে।


জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউএ-এর প্রধান ফিলিপ ল্যাজারিনি জানান, “আমার সহকর্মীরা গাজায় এমন মানুষদের দেখছেন, যারা জীবিতও নয়, মৃতও নয়— যেন চলমান লাশ।”


জাতিসংঘের এক সম্মেলনে তিনি বলেন, “এখন আর শুধু উদ্বেগ বা নিন্দা নয়, অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে, দুর্ভিক্ষ থামাতে হবে এবং বন্দিদের মুক্ত করতে হবে।”


এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ড সফরে সাংবাদিকদের বলেন, “গাজায় প্রকৃত অর্থে দুর্ভিক্ষ চলছে এবং এর জন্য ইসরাইলকে বড় ধরনের দায় নিতে হবে।”


তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার মন্তব্য করেন, “গাজায় কোনো দুর্ভিক্ষ নেই।” তবে পরদিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনিও স্বীকার করেন, “গাজার পরিস্থিতি কঠিন” এবং ইসরাইল মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করতে কাজ করছে।


এই মানবিক সংকটে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।