নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় ইসরায়েল
ইরান, রাশিয়া ও তুরস্কের পর এবার নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় যুক্ত হয়েছে ইসরায়েল। সম্প্রতি প্রকাশিত ‘রাষ্ট্রীয় হুমকি রিপোর্ট ২০২৫’-এ দেশটির নাম অন্তর্ভুক্ত করেছে নেদারল্যান্ডসের জাতীয় সন্ত্রাস দমন ও নিরাপত্তা সমন্বয়কারী সংস্থা (এনসিটিভি)।
সোমবার (২৮ জুলাই) মিডল ইস্ট আইসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ করে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করছে ইসরায়েল, যা গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ড বিদেশি হস্তক্ষেপ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের ঝুঁকি বাড়ায়।
এছাড়া, ইসরায়েলকে ঘিরে সম্ভাব্য অর্থনৈতিক চাপ, গুপ্তচরবৃত্তি এবং সামরিক হুমকির বিষয়েও সতর্ক করেছে সংস্থাটি। রিপোর্টে নেদারল্যান্ডসের ওপর বিদেশি রাষ্ট্রগুলোর সম্ভাব্য হুমকির চিত্র স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।