সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বশক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানে সুনামি সতর্কতা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানে সুনামি সতর্কতা

favicon
অনলাইন সংস্করণ
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানে সুনামি সতর্কতা

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) সকালে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর অঞ্চলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানেও।


যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সম্ভাব্য শক্তিশালী সুনামির সতর্কতা থাকলেও, তা ভয়াবহ রূপ নেওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। হাওয়াই এবং আলাস্কার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে— যেখানে নাগরিকদের দ্রুত উচ্চভূমিতে আশ্রয় নিতে বলা হয়েছে।


অন্যদিকে, ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটনের উপকূলে অপেক্ষাকৃত কম মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। সাগরের দিক থেকে আসা বিপজ্জনক ঢেউ ও স্রোতের বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে।


সাধারণত সুনামির প্রভাব কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে। ফলে বুধবার ভোরের আগে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র স্পষ্ট হবে না। হাওয়াইয়ে আগামী তিন ঘণ্টার মধ্যেই প্রথম ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।


জাপানে সুনামি সতর্কতা দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে ছড়িয়ে পড়েছে— উত্তরের হোক্কাইডো থেকে দক্ষিণের ওয়াকায়ামা পর্যন্ত। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঢেউয়ের উচ্চতা ৩ মিটার পর্যন্ত হতে পারে।


ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সকল কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (TEPCO)। এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি।


প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানান, পরিস্থিতি মোকাবেলায় একটি টাস্কফোর্স কাজ করছে। তিনি জনসাধারণকে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।


ভূকম্পবিদ ড. লুসি জোন্স বলেন, সুনামির কারণে হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার উপকূলীয় কিছু স্থানে ক্ষয়ক্ষতি হতে পারে, তবে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা নেই।


হাওয়াইয়ে ঢেউয়ের উচ্চতা ৩ থেকে ১০ ফুট পর্যন্ত হতে পারে। সান্তা বারবারায় ১–২ ফুট এবং ক্রিসেন্ট সিটিতে ৬ ফুট পর্যন্ত ঢেউ আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।


২০১১ সালের জাপানের সুনামির সঙ্গে তুলনা করে তিনি বলেন, “এই ঢেউগুলো আসলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি— এটি প্রবল শক্তির তরঙ্গের ধাক্কা নয়, বরং সাগরের জলরাশির ধীরে ধীরে ছড়িয়ে পড়া।”


সূত্র: বিবিসি নিউজ।