জাপানে সুনামির ঢেউ আঘাত, ২০ লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে
রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির ঢেউ জাপানের উত্তর উপকূলীয় এলাকা হোক্কাইডোতে আঘাত হেনেছে। প্রথম সুনামির ঢেউ ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট) উচ্চতার হলেও জাপান সরকার রাজধানী টোকিওসহ উপকূলীয় ও আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে।
সুনামির ধাক্কায় জাপানের পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। সেন্দাই আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে এবং হোক্কাইডো, ওমোরি ও টোকিওর মধ্যে ফেরি চলাচল স্থগিত রাখা হয়েছে।
রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে মঙ্গলবার সকালে প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। আন্তর্জাতিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থাগুলো ভূমিকম্প ও সুনামি পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য বড় আফটারশকের আশঙ্কা ব্যক্ত করেছে।
জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, দেশের কিছু অংশে সুনামির ঢেউ ৩ মিটার (৯.৮ ফুট) পর্যন্ত উঁচু হতে পারে, যা ব্যাপক ক্ষতির কারণ হতে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১৩৬ কিলোমিটার পূর্বে মস্কোর সুদূর পূর্বাঞ্চলে। এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বজুড়ে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে জাপানী কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি মোকাবিলায় কাজ চালিয়ে যাচ্ছে।
রয়টার্স, এনএইচকে ওয়ার্ল্ড, আলজাজিরা