সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বমাতৃত্ব আর কর্মজীবনের সমন্বয়ে কোরিন মুলহোল্যান্ডের সাহসী পদক্ষেপ

মাতৃত্ব আর কর্মজীবনের সমন্বয়ে কোরিন মুলহোল্যান্ডের সাহসী পদক্ষেপ

favicon
অনলাইন সংস্করণ
মাতৃত্ব আর কর্মজীবনের সমন্বয়ে কোরিন মুলহোল্যান্ডের সাহসী পদক্ষেপ

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে সদ্য নির্বাচিত লেবার সিনেটর কোরিন মুলহোল্যান্ড আট মাস বয়সী ছেলে অগিকে কোলে নিয়েই পার্লামেন্টে দিয়েছেন তার অভিষেক ভাষণ। সংসদের এই আবেগঘন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নেটিজেনদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।


সন্তান ও কর্মজীবনের ভারসাম্য রক্ষার বার্তা পৌঁছে দিতেই এই ব্যতিক্রমী পদক্ষেপ নেন কোরিন। ভাষণে তিনি বলেন, “মায়েদের যেন কর্মক্ষেত্রের পাশাপাশি সন্তানের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট সময় ও সহায়তা থাকে—এটাই আমার বার্তা।” তিনি আরও যোগ করেন, “আমাদের মস্তিষ্কে একটি অদৃশ্য ঘড়ি চলে, যা সন্তানকে খাওয়ানো বা ঘুম পাড়ানোর সময় হলে আপনাআপনি সংকেত দেয়। তাই কর্মজীবী মায়েদের জন্য একটি সহানুভূতিশীল পরিবেশ গড়ে তোলা জরুরি।”


ভাষণের সময় শিশুপুত্র অগি পার্লামেন্টে চুপচাপ বসে না থেকে চেষ্টা করে মায়ের সাথে কথা বলতে। তাকে শান্ত রাখতে অন্য সিনেটররা এগিয়ে এলেও শেষ পর্যন্ত কোরিন অগিকে অন্যদের কোলে দিয়ে ভাষণ শেষ করেন।


গত মে মাসে নির্বাচিত হওয়ার পর থেকেই তিন মাস বয়সী ছেলেকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন কোরিন। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও সন্তানের যত্নে কোনো ফাঁকফোকর রাখেননি তিনি। বিভিন্ন সভা-সমাবেশ, এমনকি গণমাধ্যমের সাক্ষাৎকারেও তাকে দেখা গেছে সন্তান কোলে।


এই দৃশ্য শুধু এক নারী রাজনীতিকের মাতৃত্বের পরিচয় নয়, বরং বিশ্বব্যাপী কর্মজীবী নারীদের জন্য এক অনুপ্রেরণার বার্তা। কোরিন মুলহোল্যান্ডের এই সাহসী ও মানবিক দৃষ্টান্ত আরও একবার প্রমাণ করে দিল, মাতৃত্ব কখনোই পেশাগত দায়িত্বের প্রতিবন্ধকতা নয়।


সূত্র: নিউজ-৯